জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: জামায়াত আমির ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড নেই, বাংলাদেশের ১৮ কোটি মানুষই এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড।
রবিবার (২৮ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
এর আগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি নাকি বলেছিলেন, ‘‘জুলাই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান।’’ এ প্রসঙ্গেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘‘মিল্লাত সাহেব আমার একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। আমি বক্তব্য দিয়েছিলাম, তবে সময়টা সঠিকভাবে উল্লেখ করেননি। ওই বক্তব্য ছিল ২০২৪ সালের এপ্রিল মাসের। আর পরিস্থিতির পরিবর্তন হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।’’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘যাদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই তাদের আন্তরিকভাবে সম্মান করি ও ভালোবাসি। তাদের সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছিলেন। তখন প্রথম আমিই এর প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড আমরা মানি না। আমরা আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। আর এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।’’