মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত
আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান।
পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে তিনি আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং উপগ্রহ ও দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে চলমান কাজের বিষয়ে বিস্তারিত ব্রিফিং উপস্থাপন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ ও উন্নয়ন পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।