ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

পুলিশ বাহিনীকে আস্থায় নিতে হবে

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
পুলিশ বাহিনীকে আস্থায় নিতে হবে

ছবি: সংগৃহীত

অদিতি করিম : গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে যদি স্বরাষ্ট্রমন্ত্রী এধরনের অভিযোগ করেন তাহলে ধরে নিতে হবে, এবিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আছে। এটা দেশ এবং জনগণের জন্য উদ্বেগজনক। পুলিশ বাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। কিন্তু সেই বাহিনীর কোন কোন সদস্য যদি সরকারের বিরুদ্ধে গোপনে কাজ করে তাহলে তা যেমন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তেমনি রাষ্ট্রের নিরাপত্তার জন্যও বিপজ্জনক। পুলিশ বাহিনীর কিছু সদস্যের আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা ধরনের অভিযোগ এসেছে। একটি থানার ওসি যেভাবে ফোনে কথা বলেছেন তাতে তাকে রাজনৈতিক কর্মী হিসেবেই মনে হয়েছে সরকারি কর্মচারী নয়। অনেক পুলিশ সদস্য গত ১৭ বছরে সরকারি কর্মচারী না হয়ে রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছিলেন। তারা রাজনৈতিক ক‍্যাডারে পরিণত হয়েছিলেন। এই অবস্থার অবসান হওয়া দরকার। সরকার পুলিশ ও প্রশাসনের এই রাজনীতিকরণ বন্ধ করতে উদ্যোগ নিয়েছে।কিন্তু উদ্যোগ আরও দ্রুত কার্যকর করা দরকার।

একটি দেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশ বাহিনীর। জনগণের জানমালের হেফাজত, তাদের নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করাই পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব। আমাদের সবারই পুলিশ বাহিনীর প্রতি নানারকম অভিযোগ আছে। কিন্তু পুলিশ ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ২০২৪ এর পাঁচ আগস্টের পর কয়েকদিন বাংলাদেশ পুলিশ শূন্য ছিল। সেই সময় দেশে কী ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা সবাই জানি। সশস্ত্র বাহিনী তখন জনগণের নিরাপত্তার জন্য মাঠে না থাকলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতো তা কল্পনাও করা যায় না। এক সপ্তাহ পর পুলিশ বাহিনী ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে। কিন্তু অনেক পুলিশ সদস্য পালিয়ে যান, অনেকে গ্রেফতার হন। এসব ঘটনার প্রভাব পড়ে পুরো বাহিনীর উপর।এই সময় পুলিশের মনোবল ভেঙে পরেছিল। পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্যের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ কাজ করছিল। ড. ইউনূসের নেতৃত্বে সরকারের তখন অন্যতম দায়িত্ব ছিল পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা। তারা যেন স্বাভাবিক  ভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা। কিন্তু পুলিশ বাহিনীকে পূনঃগঠনের বদলে ইউনুস সরকার মব বাহিনী গড়ে তোলে। এই মব বাহিনী ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি এবং লুটপাট শুরু করে। কাজে ফেরা পুলিশ এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিলে রাষ্ট্রীয়ভাবে তাদের বাধা দেয়া হয়। মবের বিরুদ্ধে অবস্থান নেয়া অনেক পুলিশ সদস্য নিগৃহীত হন, অনেকের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। কার্যত ইউনুস সরকারের ছত্রছায়ায় মবসন্ত্রাসীরা আইনের উর্ধ্বে উঠে যায়। তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য।কথায় কথায় ঘেরাও, অবরোধ ইত্যাদি কর্মসুচি পালন করে মব বাহিনী দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অকেজো এবং অকার্যকর করে ফেলে। ইউনূস সরকার পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণ শুরু করে। পুলিশ মানেই দোসর, পুলিশ মানেই অপরাধী- এমন একটি মনোভাব সমাজে ছড়িয়ে দেয়া হয়, সরকারের উদ্যোগে।

ফলে পুলিশ হয়ে যায় দিকনির্দেশনাহীন। কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়- এই গোলক ধাঁধায় বিভ্রান্ত হয়ে পুলিশ হাত পা গুটিয়ে বসে থাকে। ঘেরাও কিংবা অবরোধ কর্মসূচিতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। কোথাও মব হলে পুলিশ আগে উপরের নির্দেশের অপেক্ষা করে। এভাবেই গত দেড় বছরে পুলিশ বাহিনী পুরোপুরি নিস্ক্রিয় হয়েছে। ইউনূস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। পুলিশের কিছু সদস্য তৎকালীন সরকারের সুবিধাভোগী হতে পারে, কিন্তু সব সদস্য নয়। কিন্তু ইউনূস ঢালাও ভাবে গোটা বাহিনীকেই অপরাধী বানিয়ে ফেলে। পুলিশের একটা বড় অংশের মধ্যে তাই এই মনোভাব তৈরি হয় যে, ২৪ এর জুলাই আন্দোলন হয়েছে পুলিশের মর্যাদা ও সম্মানহানির জন্য। পুলিশ হত্যা, থানা লুটের বিচার না হওয়ায় পুলিশের একটি বড় অংশের মধ্যে হতাশা কাজ করেছে। ইউনূস সরকার পুলিশ বাহিনীকে জুলাই আন্দোলনের প্রতিপক্ষ বানিয়ে ফেলে। কয়েকজন পুলিশের অপরাধের দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেন। পুলিশের মধ্যে যে জুলাই আন্দোলন বিরোধী মনোভাব তৈরি হয়েছে তা ইউনূসে ভুল নীতির কারণে। এরফলে পুলিশের অনেক সদস্য এখন সরকারের বিরুদ্ধে কাজ করছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করে পুলিশ দলীয় ক‍্যাডার হিসেবে আর কাজ করবে না। পুলিশ জনগণের সেবক হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। কিন্তু বিগত ১৭ বছরে পুলিশের ভেতর যে অবক্ষয় হয়েছে তা রাতারাতি শেষ হবার নয়। সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের ব‍্যাপক সংস্কার করেনি। পুলিশের ভেতর যারা বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করেছে। সরকার আশা করেছিল, যারা এতোদিন যারা চাকরির খাতিরে অন্যায় করেছে তারা এখন পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক পথে ফিরে আসবে। দলীয় আনুগত্যের বদলে তারা রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। কিন্তু পুলিশ বাহিনীর অনেক সদস্য সরকারের এই উদারতাকে দূর্বলতা হিসেবে বিবেচনা করেছে। এই কারণে এসব ঘটনা ঘটছে। এই জন্য সরকারকে এখন পুলিশ বাহিনীর আমুল সংস্কারের উদ্যোগ নিতে হবে। এটা যত দ্রুত করা হবে তত তাড়াতাড়ি পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। পুলিশ বাহিনীকে যেকোন মূল্যে রাজনীতি মুক্ত রাখতে হবে। পুলিশকে পেটোয়া বাহিনী নয়, জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে দ্রুত। তাহলেই আধুনিক এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব।

লেখক : লেখক ও নাট্যকার
ইমেইল: auditekarim@gamail.com

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us