ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি ট্যাংক ও বুলডোজার নিয়ে স্থলপথে অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ইসরায়েলি ড্রোন থেকে শব্দ বোমা ফেলা এবং সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার লেবাননের সরকারি সংবাদ সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি কামান থেকে মানসুরি শহর লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এ সময় একটি মেরকাভা ট্যাংক ও একটি ডি-৯ বুলডোজার শহরটিতে প্রবেশ করে।
এ ছাড়া, ইসরায়েলি সামরিক যানগুলোকে ওই এলাকায় ফাঁদ পাতা কন্টেইনার পরিবহন করতেও দেখা গেছে বলে জানিয়েছে লেবাননের সরকারি সংবাদ সংস্থা।
অন্য একটি অনুপ্রবেশের ঘটনায় ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ গভর্নরেটের হাসবায়া জেলার হালতা ফার্ম এলাকায় প্রবেশ করে। সেখানে কয়েকটি বাড়ি ঘেরাও করা হয় এবং কিছু বাসিন্দাকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, একটি ইসরায়েলি ড্রোন আজিয়াহ-মানসুরি সড়কে দুটি শব্দ বোমা ফেলেছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনী হাদাথা ও ওয়াদি বারাচিত এলাকায় বিস্ফোরণ ঘটায়। ভোরে টায়ার এলাকার আকাশেও ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায়।