ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই বছরের এক শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে তার দাদির কাছে নেয়া হলেও তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিয়ে যান। সেখানে শিশুটির তাৎক্ষণিক নিরাপত্তা ও প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা করেন ইউএনও মো. হাবিবুল্লাহ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের জেলে পাড়ার একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় বারইখালী ইউনিয়নের জেলে পাড়ার একটি ইটভাটার সামনে সড়কের পাশে শিশুটিকে তার মা ফেলে রেখে ঢাকার উদ্দেশে চলে যান। পরে শিশুটি কাঁদতে থাকলে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দাদির কাছে নিয়ে যান। কিন্তু দাদি শিশুটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা শিশুটিকে তার বাসভবনে নিয়ে আসেন।
ইউএনও জানান, শিশুটির বাবা বারইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. পলাশ এবং মা মিতু আক্তার। তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মা মিতু আক্তার শিশুটিকে ইটভাটার সামনের সড়কে রেখে ঢাকার উদ্দেশে চলে যান।
তিনি বলেন, বর্তমানে মোরেলগঞ্জের বাইরে থাকা শিশুটির বাবা পলাশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে সন্তানকে নিয়ে যেতে বলা হয়েছে।
ইউএনও আরও বলেন, শিশুটির তাৎক্ষণিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই তার দায়িত্ব নিয়েছেন। শিশুটির পরনে প্রয়োজনীয় পোশাক না থাকায় বাসা থেকে জামাকাপড় এনে পরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
শিশুটির ভবিষ্যৎ অভিভাবকত্ব, নিরাপত্তা ও আইনগত বিষয় বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও মো. হাবিবুল্লাহ।