ছবি: সংগৃহীত
জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
বুধবার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার জেলা সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলেছে তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তাল মিলিয়ে চলে, এটা আমাদের সামনে পরিষ্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী ও আব্দুল করীমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্মেলনে ক্বারী সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।