ঢাকা
২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প? বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৮১ কেন নাটকে কাজ কমিয়ে দিলেন সাদিয়া আয়মান?
Advertise with us

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে কড়া নিরাপত্তায় এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় উপকরণ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সেগুলো ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সরঞ্জাম পরিবহনের সময় প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের ৩টি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

সরঞ্জাম সংগ্রহ করতে আসা প্রিসাইডিং কর্মকর্তারা ঢাকা পোস্টকে জানান, বুধবার সকালে তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। সরঞ্জাম বুঝে নেওয়ার পর তালিকা ও চেকলিস্টের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে সরঞ্জামগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে বুথ স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

ঠাকুরগাঁওয়ের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা তালিকা অনুযায়ী সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।

নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরঞ্জাম বিতরণ ও পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ভোটগ্রহণের আগে নির্বাচনি উপকরণ নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং ভোটের পরিবেশ স্বাভাবিক রাখার প্রস্তুতি চলছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৫ জন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন রয়েছেন।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। পরে এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়। আগামীকাল বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে এ আসনের নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us