ঢাকা
২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
রাষ্ট্র সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছেন : রুহুল কবির রিজভী ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী মিষ্টির আসনে উপনির্বাচন, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এলিজা জামান মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া শুরু
Advertise with us

রাষ্ট্র সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
রাষ্ট্র সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন

ছবি: সংগৃহীত

রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন তিনি আরেকজন শেখ হাসিনা হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না করে শুধু চালক পরিবর্তন করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়েল পার্টি সেন্টারে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি। সেই মেশিন পরিবর্তন না করলে সবচেয়ে ভালো ড্রাইভার দিয়েও গাড়ি সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন না আনলে বর্তমান ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকবে।

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে শুধু দলটির নিজস্ব রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে। ভারত বাংলাদেশকে নানামুখী চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করে এসব তৎপরতা চালাচ্ছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশের পক্ষে কারা, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না, প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে। সর্বদলীয় মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী এ সরকার গঠন করতে হবে। কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এবং তা বাস্তবায়ন করতে দেবে না।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, এ কর্মসূচির অন্যতম দাবি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম জানান, নদী ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিষয়ে তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় ও মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us