ছবি: সংগৃহীত
ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।
ক্যানসারের রোগাক্রান্ত কোষে স্বাভাবিকভাবেই ‘কার্বন মনোক্সাইড’ নামের একটি গ্যাস তৈরি হয়। বিজ্ঞানীরা এমন একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ক্যানসার কোষের এই গ্যাসটিকে কাজে লাগিয়ে ভেতরেই ওষুধ তৈরি করতে পারে। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘এপিসি’ (APC)।
সাধারণত ক্যানসারের চিকিৎসায় যে কেমোথেরাপি দেওয়া হয়, তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে ক্যানসার আক্রান্ত কোষের পাশাপাশি শরীরের ভালো ও সুস্থ কোষগুলোও নষ্ট হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কৃত এই নতুন নিয়মে ওষুধটি শুধু রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে। ফলে শরীরের অন্য ভালো কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে।
গবেষণায় দেখা গেছে, মানুষের লিভার, জরায়ু, স্তন ও ফুসফুসের ক্যানসার কোষের ওপর এই পদ্ধতিটি বেশ ভালো কাজ করছে। সুস্থ কোষের ওপর এর ক্ষতিকর প্রভাব খুবই কম দেখা গেছে।
বিজ্ঞানীদের এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেবল ল্যাবরেটরিতে বা কাচের পাত্রে থাকা কোষের ওপর এবং ইঁদুরের রক্ত নিয়ে এটি পরীক্ষা করা হয়েছে। মানুষের শরীরে এই চিকিৎসা কতটা নিরাপদ ও কার্যকর হবে, তা জানতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তাই সাধারণ মানুষের চিকিৎসায় এই পদ্ধতি এখনই ব্যবহার করা যাচ্ছে না, এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন