ঢাকা
১১ অক্টোবর ২০২৬
Advertise with us

আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১০ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের স্বভাবই হচ্ছে মিথ্যা কথা বলা। একাত্তর সাল থেকেই তারা মিথ্যা কথা বলে আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে তারা দেশে-বিদেশে গুজব ছড়াত যে, বিএনপি সরকারের আমলে নাকি হিন্দু ধর্মের মানুষরা ভালো থাকে না। এটা ডাহা মিথ্যা কথা।’

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ভূমিকার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবার পূজা উপলক্ষে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে নজিরবিহীন। এর আগে কোনো সরকার এত পরিমাণ চাল বরাদ্দ দেয়নি।

শামা ওবায়েদ বলেন, ‘মা-বোনেরা ও ছেলে-মেয়েরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে যাতে শারদীয় উৎসব পালন করতে পারে, সে জন্য আমরা কাজ করছি। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রশাসন ও আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি পাড়া-মহল্লায় মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। পূজায় আমরা আনন্দ ভাগাভাগি করে নিই। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না। গুজব থেকে সবাইকে দূরে থাকতে হবে। স্বৈরাচারের কোনো দোসর যাতে দুর্গাপূজায় ব্যাঘাত ঘটাবে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

শামা ওবায়েদ বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির সফল বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের সততা, দায়িত্বশীলতা ও নির্ভুল তথ্য উপস্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

Advertise with us
Advertise with us
Advertise with us